কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
![]() |
| বাবার সঙ্গে তৌহিদ আফ্রিদি (বাঁয়ে)। ছবি: তৌহিদ আফ্রিদির ফেইসবুক |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন—
“ঢাকা সিআইডির একটি দল আমাদের সহযোগিতায় বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।”
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এর আগে একই মামলায় ২২ নম্বর আসামি ও তৌহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে।
এ হত্যা মামলায় মোট ২৫ জন নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সূত্র: বিডিনিউজ২৪

Post a Comment